জাতীয়

ধর্মের ভিত্তিতে বিভেদের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার: তথ্যমন্ত্রী

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:০৯ এএম
ধর্মের ভিত্তিতে বিভেদের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা বিভেদের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন। সংবিধান ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে না। যারা ধর্ম বা রাজনীতির নামে সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করে, তারা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, সনাতন ধর্ম হাজার বছরের ঐতিহ্য বহন করে। বিভিন্ন ধর্মের অনুসারীরা ভিন্ন ভিন্ন আচার পালন করলেও সবার লক্ষ্য মানবকল্যাণ ও আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই একটি অসাম্প্রদায়িক সমাজের ভিত্তি।

দেশি-বিদেশি যেসব অপশক্তি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। এভাবেই শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের সম্মিলিত আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এ দেশে কাউকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখার সুযোগ নেই।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, বাংলাদেশ সব সম্প্রদায়ের মানুষের সমান দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা দেশের সার্বভৌমত্বের চেতনাবিরোধী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বক্তব্য দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!