মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই সরকার ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। তাই পরিবার, শিক্ষক ও সমাজকে তাদের মেধা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী।
টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।
এ সময় টিচার্স ফাউন্ডেশন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পাল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!