জাতীয়

দেশের তিন গ্রাম হচ্ছে ‘এসডিজি ভিলেজ’, উদ্বোধন ১০ আগস্ট

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:২১ এএম ১৫
দেশের তিন গ্রাম হচ্ছে ‘এসডিজি ভিলেজ’, উদ্বোধন ১০ আগস্ট

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। গ্রামগুলো হলো—রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানিয়েছেন, আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামকেও আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করা হবে।

শুক্রবার সকালে মিতিঙ্গাছড়ি গ্রাম পরিদর্শন শেষে বাসসকে ইউএনও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে গ্রামগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবার বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

রায়হানুল ইসলাম বলেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়িকে গড়ে তোলার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। একই সঙ্গে এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণযোগ্য উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্রাম পরিদর্শনের সময় উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!