ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দল-মত–নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে হবে। ক্ষমতার অপব্যবহার নয়, বরং অংশগ্রহণমূলক উন্নয়নই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজশাহীতে তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, ‘রাজশাহী আমাদের সবার। দলীয় অন্ধত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারে আমরা বিশ্বাস করি না। সবাইকে সঙ্গে নিয়েই রাজশাহী মহানগরকে আরও উন্নত করে গড়ে তুলতে হবে।’ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, শিশুদের হৃদরোগ শনাক্ত ও চিকিৎসায় তিন দিনব্যাপী এ কর্মসূচি জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হার্ট ফাউন্ডেশনের জন্য সরকারি অনুদান বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণেও সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী জানান, তিন দিনের এ কর্মসূচিতে প্রায় ২ হাজার ৫০০ শিশুর হৃদরোগ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান।
গত ২২ জুলাই শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মসূচিতে চীনের চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে প্রায় ২ হাজার ৬০০ শিশু নিবন্ধন করে। এ কার্যক্রমে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!