জাতীয়

বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:৪৪ এএম ১২
বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সক্ষমতা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট–২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে সামিটের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদেরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনের এ সামিটে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।

এ ছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও সামিটে অংশ নিচ্ছেন।

সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ‘বিইএআর ইনোভেশন এক্সপো–২০২৬’। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকদের আশা, এ সামিটের মাধ্যমে বাংলাদেশের উচ্চপ্রযুক্তি শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!