জাতীয়

আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:৪৮ এএম ১৪
আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তাঁর ভাষ্য, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেই সরকার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স–২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু এবং রাজনৈতিক হয়রানির মতো ঘটনা ঘটেছে, যার ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা।

মাহদী আমিন বলেন, অতীতে জনগণের মতামতের পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শাসন পরিচালিত হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি দাবি করেন, গত পাঁচ মাসে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, গুম বা হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এই ধারা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তি ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।

তিনি আরও জানান, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে প্রতিটি মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। তাঁর মতে, গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!