জাতীয়

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:২০ এএম
মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

মালদ্বীপ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা-চক্রের আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তিনি।

শনিবার মালদ্বীপে পৌঁছানোর পর প্রেসিডেন্ট মুইজ্জুর উদ্যোগে এ চা-চক্র অনুষ্ঠিত হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মালে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ সফর বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে তিনি মালদ্বীপে পৌঁছান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!