শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার সিলেট নগরের একটি হোটেলে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিপ্লোমা থেকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ১৯৯৯ সালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে তিনি নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন। তাঁর মতে, পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এ চিকিৎসাপদ্ধতি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সাইদা পারভীন।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ফরিদ আহমদ, ডা. আসমা বেগম, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ডিএইচএমএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!