জাতীয়

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:২৯ এএম
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

শনিবার উপজেলার ৫১ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবার মান, চলমান কার্যক্রম এবং রোগীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বিষয়ে মতামত নেন। একই সঙ্গে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে তিনি আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আধা-সরকারি (ডিও) চিঠি দিয়েছিলেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার আদেশ জারি করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, হাসপাতালের অবকাঠামো ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি জনপ্রতিনিধিদের নিয়মিত তদারকি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!