জাতীয়

ইনসাফের কথা বলে অপকর্ম করলে জনগণ বিশ্বাস করবে না: পানিসম্পদমন্ত্রী

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৫:২১ এএম
ইনসাফের কথা বলে অপকর্ম করলে জনগণ বিশ্বাস করবে না: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই। জনগণ তাদের বিশ্বাস করে না। তিনি বলেন, জামায়াত ও এনসিপির রাজনীতি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম নয়।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা, চাকরি কিংবা সামাজিক কর্মকাণ্ডে অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং অন্যান্য রাজনৈতিক দলের সহাবস্থানে আস্থা রাখে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা সবার জানা। তাই আওয়ামী লীগকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যাতে সাধারণ মানুষ আহত হন বা কষ্ট পান।

অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিক সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!