শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
রোববার রাজধানীতে চ্যানেল আই আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত অনেক শিল্পীই বিভিন্ন প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন। নতুন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ১৪তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোনে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে প্রচার করা হবে। আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা। এছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া এবং প্রতিযোগিতার প্রকল্প পরিচালক রাজু আলীম।
বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতামূলক আয়োজন নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!