জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং দেশের বিভিন্ন সংকটে পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও আরও জোরদার হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক বিকাশে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্য সামনে রেখে দুই দেশ একসঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আফরোজা খানম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা অবৈতনিক করে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর ফলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষার বিস্তার এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি, জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!