জাতীয়

সরকারের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার, এক মাসে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:১১ এএম
সরকারের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার, এক মাসে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি

সরকারের পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর দেশব্যাপী ঘোষিত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ফলে বুধবার থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ন্যাম ভবনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং অ্যাম্বুলেন্স মালিকদের প্রতিনিধিদের বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্যিক নিবন্ধন প্রদান, অ্যাম্বুলেন্স পরিচালনা–সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ মালিকদের বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা হয়।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে এসব দাবি নিয়ে ধারাবাহিক বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি সারা দেশের অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের অবিলম্বে সেবা স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বলেন, কোনো রোগী বা মৃত ব্যক্তির স্বজন যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

বৈঠক ও সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!