সমাজে শ্রেণি বৈষম্য কমানো, দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, কোনো ধরনের তদবির বা উৎকোচ ছাড়াই মাত্র ১২৫ টাকা ব্যয়ে সরকারি চাকরিতে যোগদানকারী নতুন পেশকারদের অভিজ্ঞতা দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কেন্দ্রীয় সেমিনার হলে নবনিয়োগপ্রাপ্ত পেশকারদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দুঃখী ও প্রান্তিক মানুষের কল্যাণে সরকার কাজ করছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবনিয়োগপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাবা-মা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ন রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকে এত স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার নজির নেই। তিনি দাবি করেন, কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকা ব্যয়ে চাকরি পাওয়ার অভিজ্ঞতা নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত পেশকারদের দায়িত্ব, পেশাগত নৈতিকতা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!