জাতীয়

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আরপিসিসি প্রশাসকের, শুরু সড়ক উন্নয়নকাজ

আপডেট: জুলা ৩০, ২০২৬ : ০৪:৩৫ এএম
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আরপিসিসি প্রশাসকের, শুরু সড়ক উন্নয়নকাজ

রংপুর সিটি করপোরেশনের (আরপিসিসি) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন নগরীর উন্নয়নকাজে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সড়ক নির্মাণ ও সংস্কারসহ সব ধরনের অবকাঠামো উন্নয়নকাজে অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

বুধবার নগরীর মহিগঞ্জ, সেন্ট্রাল বাস টার্মিনাল ও চিকলি পার্ক এলাকায় পৃথক অনুষ্ঠানে প্রায় ছয় কিলোমিটার সড়কের নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ উন নবী ডন বলেন, রংপুরকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, যানজটমুক্ত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের দুর্ভোগ কমাতে জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরপিসিসি সূত্র জানায়, সরকারি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় মহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি সড়ক পর্যন্ত ১ হাজার ৩৭৭ মিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ ২৭ হাজার টাকা। একইভাবে মহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা সড়ক হয়ে দেওয়ানটুলি পর্যন্ত ১ হাজার ৩৪০ মিটার সড়ক সংস্কারে ব্যয় হবে ৯৬ লাখ ৩৮ হাজার টাকা।

এ ছাড়া সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বারাবাড়ি সড়ক পর্যন্ত ৪ হাজার ১০০ মিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা। চিকলি পার্ক পর্যন্ত ১ হাজার ২০ মিটার রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) সড়ক নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৫৮ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করা হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত জাহাজ কোম্পানি মোড় থেকে মহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত সড়কের আধুনিকীকরণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেনিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ঠিকাদার খায়রুল কবির রানা, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!