সরকারি দ্বিপক্ষীয় (জি-টু-জি) চুক্তির আওতায় চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬ হাজার ৮৮৮ কোটি ৫২ লাখ টাকা মূল্যের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের সুপারিশ করেছে।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ সুপারিশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সমঝোতা অনুযায়ী নির্ধারিত প্রিমিয়াম, আমদানির পরিমাণ এবং আন্তর্জাতিক সূচক মূল্য বিবেচনায় ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে জি-টু-জি চুক্তির আওতায় জ্বালানি তেল আমদানি করা হবে।
সভায় জ্বালানি তেল আমদানির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের একাধিক ক্রয় প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়।
এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও ঝুঁকি হ্রাস (রিভার)’ প্রকল্পের আওতায় বগুড়ায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১২৫ কোটি ৯৯ লাখ টাকার কার্যাদেশ দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আহাদ বিল্ডার্সের যৌথ উদ্যোগকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের ‘দেশব্যাপী সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার বাফার গুদাম নির্মাণে ৪৯ কোটি ১৪ লাখ টাকার কার্যাদেশ এমবিএল-আরইএল যৌথ উদ্যোগের অনুকূলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড পরিচালিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (উত্তর) বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত সমন্বিত বিদ্যুৎ ট্যারিফ অনুমোদনেরও সুপারিশ করা হয়। সংশোধিত কাঠামো অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের সমন্বিত ট্যারিফ ৪.০৯৪৫ মার্কিন সেন্ট বা ৫.০২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তিনটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন সাব-জোনে সড়ক নির্মাণে ১২৩ কোটি ৩৪ লাখ টাকার কার্যাদেশ মনিকো লিমিটেডকে এবং বিদ্যুৎ নেটওয়ার্ক নির্মাণে ২১১ কোটি ৭৯ লাখ টাকার কার্যাদেশ রেভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের পরামর্শক সেবার চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং ব্যয় ৮৩ কোটি ১৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৮৯ কোটি ৮৫ লাখ টাকা করার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!