জাতীয়

অপরিকল্পিত প্রকল্পে অর্থ অপচয় নয়, প্রয়োজনভিত্তিক পরিকল্পনার নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৪:৫৩ এএম
অপরিকল্পিত প্রকল্পে অর্থ অপচয় নয়, প্রয়োজনভিত্তিক পরিকল্পনার নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না। প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণব্যবস্থা আরও দক্ষ ও সাশ্রয়ী করার লক্ষ্যে গঠিত কমিটির সভা এবং বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প নিয়ে পৃথক বৈঠকে তিনি এসব কথা বলেন।

জ্বালানি খাত–সংক্রান্ত বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি সমন্বিত ও আধুনিক তথ্যভিত্তিক মানচিত্র তৈরি করা জরুরি। বর্তমানে বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্লক ম্যাপ, ভূতাত্ত্বিক জরিপসহ সব তথ্য একত্র করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, ভূগর্ভস্থ সম্পদের অবস্থান ও সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট তথ্য থাকলে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন সহজ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে অঞ্চলভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের বাস্তব চিত্র তৈরি করতে হবে। কোথায় কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরে বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত শোনেন। তিনি বলেন, প্রতিটি প্রকল্প জনসেবায় কতটা ভূমিকা রাখবে এবং বাস্তব প্রয়োজন কতটুকু পূরণ করবে, সেই বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতের মতো অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থ অপচয়ের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। এ জন্য প্রতিটি প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত উপস্থাপনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের সেবার মান এবং সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!