দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্টি হওয়া নানা অসঙ্গতি দূর করে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সব সময় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!