জাতীয়

খুলনায় বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন, মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনাকের

আপডেট: আগ ০১, ২০২৬ : ০৫:০১ এএম
খুলনায় বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন, মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনাকের

সামর্থ্য সীমিত হলেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী বলেছেন, মানুষের কল্যাণে পুনাকের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার খুলনা মহানগরের দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি গভীর নলকূপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিমা ফেরদৌসী বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা পুনাকের মানবিক উদ্যোগগুলোর অন্যতম। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে এই গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তিনি মাঠ প্রাঙ্গণে একটি ‘ক্রিসমাস ট্রি’ গাছের চারাও রোপণ করেন।

পুনাকের কার্যক্রম তুলে ধরে নাসিমা ফেরদৌসী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশ পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই, কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ এবং স্যানিটেশন উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করছে পুনাক।

অনুষ্ঠানে পুনাকের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!