খেলাধুলার উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কুমিল্লার তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সাফল্য বয়ে আনবে।
শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়নে অর্থনীতির পাশাপাশি খেলাধুলার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে সরকার দেশজুড়ে স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে।
তিনি বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। মাঠগুলোর উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
কুমিল্লায় একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো বা ক্রীড়া বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান আমিন উর রশিদ। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। উপযুক্ত স্থান নির্ধারণ করা গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, যারা খেলাধুলার মাধ্যমে দেশ ও সমাজের জন্য সম্মান বয়ে আনছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। সরকার প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও প্রস্তুত করতে হবে। এতে ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। এ সময় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!