দেশের মানুষ যাতে গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই স্মৃতি সমাবেশ–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ অতীতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, ভবিষ্যতেও একইভাবে সজাগ থাকতে হবে। তিনি দাবি করেন, একটি মহল এখনো দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সম্ভাব্য অস্থিতিশীলতা মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, অতীতে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার, লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মতের পার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহনশীলতাই গণতন্ত্রকে শক্তিশালী করে। জনগণের যৌক্তিক মতামত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, আহতদের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজেরও নৈতিক দায়িত্ব। তাঁদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য মানবিক সংগঠন ‘বিবেক’-এর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচায়ক।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
আরএস--রাসেল
No comments yet. Be the first to comment!