দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি গাছ যেমন নিয়মিত পরিচর্যায় বড় হয়ে ওঠে, তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সুস্থ সামাজিক পরিবেশ।
শনিবার লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও বিভিন্ন সংগঠনের মধ্যে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা এবং সুস্থ জীবন গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি সামাজিক সংগঠনগুলোর প্রতি আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। সমাজের ইতিবাচক বিকাশে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রাণমন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!