জাতীয়

সিলেট–জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা দেখতে সরেজমিন পরিদর্শন

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৫:৩১ এএম
সিলেট–জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা দেখতে সরেজমিন পরিদর্শন

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণ এবং তামাবিলকে কেন্দ্র করে একটি আধুনিক পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তাঁর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এ পরিদর্শনে অংশ নেন। শনিবার জাফলং, তামাবিল ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট–তামাবিল অঞ্চলে রেলপথ সম্প্রসারণের পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরেজমিন পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে। বিস্তারিত আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রেললাইন নির্মাণের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘রাস্তা যদি হতে পারে, রেললাইনও হবে। অসম্ভব বলতে কিছু নেই।’ পর্যটকদের সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, উন্নত সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হলে জাফলং এলাকায় পার্কিং, ওয়াশরুম, বিশুদ্ধ পানি ও নিরাপত্তাসহ দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান হবে।

পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় শুরু করার বিষয়ে সরকার ইতিবাচক। তবে এ–সংক্রান্ত কিছু বিষয় উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।

পরে মন্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘সিলেট–তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের কাজও পরিদর্শন করেন।

পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল আহসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!