সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে গিয়ে সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এক চিঠিতে সব সিনিয়র সচিব ও সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন দাপ্তরিক কাজে এআই টুলের ব্যবহার বাড়ছে। এ প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ালেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ কারণে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে এআই ব্যবহার করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, এআই ব্যবহারের সময় বিদ্যমান আইন, বিধি-বিধান ও সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের সুরক্ষাও নিশ্চিত থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!