জাতীয়

জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর, বাজেটে বাড়ছে বিনিয়োগ

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:১৪ এএম
জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর, বাজেটে বাড়ছে বিনিয়োগ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারীদের কেন্দ্রবিন্দুতে রেখে অভিযোজন কর্মসূচি জোরদার করছে সরকার। উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারীদের সহনশীলতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন লক্ষ্যভিত্তিক উদ্যোগ।

একই সঙ্গে জলবায়ু-সংবেদনশীল অবকাঠামো ও কর্মসূচিতে বরাদ্দও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে নারীরা তুলনামূলক বেশি ঝুঁকির মুখে পড়েন। এ কারণে জলবায়ু অভিযোজন কৌশলে নারীদের জন্য আলাদা পরিকল্পনা ও বিনিয়োগের প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারের ২০২৬–২৭ অর্থবছরের জলবায়ু বাজেটে ‘জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে নারীর সক্ষমতা বৃদ্ধি’ কর্মসূচির জন্য ৬ হাজার ৮৮৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ নারীদের দক্ষতা উন্নয়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে।

এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে ২২ হাজার ১৬৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ও সংস্কার করা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্যানিটেশন, ওয়াশ ব্লক এবং নিরাপদ স্থান নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপকূলীয় এলাকায় নারীদের জন্য বিশেষ অভিযোজন প্রকল্প বাস্তবায়ন করছে। অন্যদিকে পটুয়াখালীর দুমকির মতো লবণাক্ততাপ্রবণ এলাকায় ব্রি ধান-৬৭সহ জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে নারীদের খাদ্য উৎপাদন ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ দুর্যোগপ্রবণ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানি ও পৃথক শৌচাগার নির্মাণের কাজও এগিয়ে নিচ্ছে। পাশাপাশি গ্রামীণ হাট-বাজারে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক বিপণন এলাকা গড়ে তুলে তাদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু বাজেট প্রতিবেদনের ভূমিকায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

সরকারের মতে, সহনশীল অবকাঠামো, জীবিকা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে সমন্বিত করে নেওয়া এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!