রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তাবিত ‘মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় মানিকগঞ্জে নদীকেন্দ্রিক পর্যটন বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সেবা কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনাগুলোর সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটনবান্ধব উন্নয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি পর্যটনকেন্দ্রের জন্য আলাদা থিম নির্ধারণ করে প্রকল্প নিতে হবে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে পর্যটনের সংযোগ নিশ্চিত করতে হবে।
আফরোজা খানম বলেন, দীর্ঘদিন ধরে দেশের পর্যটন খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দেশের পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের কাছে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী।
এর আগে সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটিকে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!