দীর্ঘ কয়েক দশকের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেছেন, পর্যায়ক্রমে তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে। তবে এ জন্য কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, আন্দোলন-সংগ্রামের দীর্ঘ ইতিহাসে বহু মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। তাঁদের ত্যাগের যথাযথ মূল্যায়ন একদিনে সম্ভব নয়, তবে রাষ্ট্র ধাপে ধাপে সবার অবদানকে সম্মান জানাবে।
আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস সচিব নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, অতীতে এমন সময় ছিল, যখন আন্দোলনের সময় সবাই সমান নিরাপত্তা পেতেন না। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিক সমানভাবে নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার ভোগ করবেন।
সরকারের দায়িত্ব গ্রহণের পর নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট একসঙ্গে সামাল দিতে হচ্ছে। এসব কারণে অনেক উদ্যোগ বাস্তবায়নে সময় লাগছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে এর সুফল আরও দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে সাংবাদিক, আলোকচিত্রীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের নেতারা এবং সাংবাদিক-আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!