সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে একটি অভিজ্ঞ আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নিয়োগ পাওয়া ল ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর জামিন বাতিল করে দ্রুততম সময়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।
তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না—এমন শর্তে জামিন পেয়েছেন। তবে আদালতের আদেশের পূর্ণাঙ্গ শর্ত জানতে জামিনের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আইনি প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
এর আগে রাজশাহীতে বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, পেশাদারিত্ব এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!