জাতীয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:২১ এএম
অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আবেদন ও মূল্যায়ন এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্পসম্পদের কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এসব এলাকায় আধুনিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আবেদন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় নির্ধারিত নীতিমালা অনুসরণের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!