জাতীয়

দেশের মানুষ গণতান্ত্রিক সমাজ চায়: সংস্কৃতিমন্ত্রী

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:২৩ এএম
দেশের মানুষ গণতান্ত্রিক সমাজ চায়: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও বিপ্লবী পরিবর্তন চায়। জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘ভয় দেখাতে পারেনি জীবন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিতাই রায় চৌধুরী বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে জনগণের রাষ্ট্র গড়ে তোলাই ছিল সেই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন বহু মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মী ও বিরোধী দলগুলোর অনেক নেতাকর্মীও একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, গণতন্ত্রকামী মানুষের আন্দোলন কখনো দমন করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। তিনি মানবিক মূল্যবোধ, মুক্ত সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!