জাতীয়

শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ: পানি সম্পদমন্ত্রী

আপডেট: আগ ০৮, ২০২৬ : ০৫:৩২ এএম
শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ: পানি সম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে তিস্তা মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়ে পানি সম্পদমন্ত্রী বলেন, প্রকল্পটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খুব শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে এবং জনগণ প্রকল্প বাস্তবায়নের কাজ দেখতে পাবেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অগ্রগতি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি।

মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ শুরু করা হয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ করা হবে।

তিনি বলেন, সমীক্ষা শেষ হওয়ার পর তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!