জাতীয়

দেশের ১,৪৯৮টি পর্যটন স্পটকে পর্যটন হাব করার পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

আপডেট: আগ ০৮, ২০২৬ : ০৫:৪০ এএম
দেশের ১,৪৯৮টি পর্যটন স্পটকে পর্যটন হাব করার পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

দেশের পর্যটন খাতকে জনপ্রিয় ও আরও বিকশিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের সম্ভাবনাময় ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, নাটোরের উত্তরা গণভবন দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। এখানে অতীতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা গণভবনে আসবেন এবং নাটোরের উন্নয়নের রূপরেখা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের পর্যটন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, নাটোরসহ সম্ভাবনাময় প্রতিটি এলাকায় পর্যটন হাব তৈরি করা হবে। এসব হাবের আওতায় পর্যটনকেন্দ্রের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ও রাখা হবে।

তিনি বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে পর্যায়ক্রমে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি দেশের পর্যটন খাতকে আরও জনপ্রিয় করা হবে।

ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে আফরোজা খানম বলেন, বিষয়টি সরকার বিবেচনা করছে। দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা নিয়মিত জনগণের কাছে যাচ্ছেন এবং মানুষের সেবা পাওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ উপস্থিত ছিলেন।

পরে পর্যটনমন্ত্রী ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত হালতি বিল পরিদর্শন করেন। এরপর পাটুল বটতলায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি দিঘাপতিয়া ও খোলাবাড়িয়ায় দুটি পথসভায়ও বক্তব্য দেন।

সন্ধ্যায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আফরোজা খানম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!