জাতীয়

‘জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:১৯ এএম
‘জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে ‘আরেকবার স্বাধীন’ করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের কথা শুধু মুখে বললে হবে না, তা কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।

আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাকারিয়া তাহের।

গণপূর্তমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। তাঁদের সেই প্রত্যাশা পূরণে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা একটি শপথ গ্রহণ করি—আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না।’ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে পড়েছিল। এখন দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

জাকারিয়া তাহের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব।

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, তাঁর মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যেসব সুযোগ-সুবিধা পাবে, তাঁরাও সেসব সুবিধা পাবেন। সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা কোনো শহীদ পরিবার না পেয়ে থাকলে তাঁদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাঁদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, ‘আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি, ধারণ করি।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতারা।

সভায় বিএনপির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!