জাতীয়

বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৩১ এএম
বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীর মানুষ যাতে প্রতিবছর বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে ঢুকতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়া খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে।

আজ শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, বাঁশখালীর বিভিন্ন খাল দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। এতে খালগুলোর পানি ধারণ ও নিষ্কাশনের সক্ষমতা কমে গেছে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেও খাল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে খালগুলো খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বাঁশখালীবাসীকে প্রতিবছর বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

ত্রাণমন্ত্রী জানান, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামীকাল চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে মন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!