জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৩৫ এএম
সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে গঠিত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদস্য হিসেবে রয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও ২৪ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী এক শিশু এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর একজনকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

এ ছাড়া নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ নিয়ে প্রাথমিক ধারণা

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সময় মহাসড়কটি ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকদের বেপরোয়া গতি অথবা গাড়ি চালানোর সময় কোনো চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

তবে এটি কেবল প্রাথমিক ধারণা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাব্য দায় নিরূপণে তদন্ত কমিটি কাজ করবে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান মন্ত্রী। এ সময় তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!