জাতীয়

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে সরকার

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৬:০২ এএম ১১
জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে সরকার

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানির ক্ষেত্রে জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নীতিমালার প্রধান উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে জ্বালানি বিভাগ। এসব তথ্য প্রকাশকে অনভিপ্রেত উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!