জাতীয়

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৬:২৯ এএম ১২
সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চার দিনের সফরে আজ রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সিঙ্গাপুর সফর।

সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ।

এ ছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী আধুনিক কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁদের অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নতুন সরকারের পক্ষ থেকে এটি সিঙ্গাপুরে প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!