জাতীয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৫:২৫ এএম ১০
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার এক শোকবার্তায় মন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!