জাতীয়

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৩৫ এএম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে ও সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাঁদের উদ্দেশ্য ছিল দেশে এমন একটি পরিবর্তন আনা, যার মধ্য দিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

শুধু স্মরণ নয়, কাজও করতে হবে

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁরা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাঁদের স্মরণ করলেই হবে না, যারা বেঁচে আছেন তাঁদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন, তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে তাদের জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করলেই হবে না; তাদের মধ্যে থেকে আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।’

স্কাউটদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবাইকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে।’

মানুষের পাশাপাশি প্রাণ-প্রকৃতির পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ ধরনের কাজে উদ্বুদ্ধ করতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

১০ শহীদ পরিবারের হাতে অনুদান

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাঁদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!