জাতীয়

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৪৭ এএম
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

নির্বাচন ছাড়া জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বিরোধী দলের প্রতি শান্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই—শান্ত হোন, বেহুঁশ হবেন না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর আবার যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে বেশি ভোট পেলে সরকারে যাবেন। আর তা না হলে এই সরকারই আবার নির্বাচিত হবে।’

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, শান্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বালাও-পোড়াও করে আগের ফ্যাসিবাদী চরিত্রে ফিরে যাওয়া যাবে না। বাংলাদেশে আর জ্বালাও-পোড়াও দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোনো জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না।’

আহমেদ আযম খান বলেন, তাঁদের সরকার ‘সেবকের সরকার’। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাবেন তাঁরা। জনগণ ভোট দিলে তাঁরা আবার সরকার গঠন করবেন।

তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ভোট দিলে আপনারা আসবেন। জ্বালাও-পোড়াও করে অযথা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশকে অস্থিতিশীল করবেন না।’

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!