ধর্ম, বর্ণ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের বিভাজন দূর করে নাগরিক পরিচয়ের ভিত্তিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও জাতীয়তাবাদ, রাষ্ট্র ও নাগরিক পরিচয় নিয়ে দলগুলোর মধ্যে মৌলিক মতপার্থক্য ছিল। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভূখণ্ডে বসবাসকারী সব মানুষের সঠিক পরিচয় ও মর্যাদা ধারণ করেই রাষ্ট্র পরিচালনার একটি টেকসই দর্শন গড়ে তুলতে হবে।
‘সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি আর গণতন্ত্র এক নয়’
জহির উদ্দিন স্বপন বলেন, সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি আর গণতন্ত্রের সংস্কৃতি এক বিষয় নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীরও সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পরিচয়ভিত্তিক বিভাজনের কারণে পার্বত্য চট্টগ্রামের ঘটনাপ্রবাহসহ নানা সংকট তৈরি হয়েছে। এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে বৈচিত্র্যকে ধারণ করেই রাষ্ট্রের মূল রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে হবে।
জিয়াউর রহমানের অবদান স্মরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র এবং একমুখী পরিচয়ের পরিবর্তে বহু মত ও সংস্কৃতির সহাবস্থান সুসংহত করতে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক কাঠামো তৈরি করেছিলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটকালে জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের দেখানো সেই রাজনৈতিক ধারাকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বহন করে এনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই ধারাবাহিকতার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তাঁর ভাষ্য, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের অন্তর্নিহিত শক্তি অনুধাবন করতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন গভীরভাবে বোঝা প্রয়োজন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!