জাতীয়

শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৪:৫৯ এএম ১৪
শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, আধুনিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি, যোগাযোগব্যবস্থা ও কর্মমুখী দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামোকে যুগোপযোগী করা জরুরি।

তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন শেখ রবিউল আলম।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

সভায় কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁরা কলেজের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

৩৪ কিলোমিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

এর আগে সেতুমন্ত্রী বাগেরহাট-দশানি থেকে হেলাতলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে জেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন শেখ রবিউল আলম। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

দিনের কর্মসূচির শুরুতে সেতুমন্ত্রী বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত বাদল মোড়লের কবর জিয়ারত করেন। পরে তিনি বাগেরহাটে একটি মেডিকেল ফাউন্ডেশনের উদ্বোধন করেন। এ সময় লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!