জাতীয়

দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার জাতি গঠনে বই পড়ার গুরুত্ব রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৫:০৩ এএম
দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার জাতি গঠনে বই পড়ার গুরুত্ব রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ সোমবার রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্রে সরকারি গণগ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসের বিকল্প নেই। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। তাই নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

মন্ত্রী অভিযোগ করেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে এবং অটোপাশের ব্যবস্থা করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল।’

তিনি মাদক পরিহার করে তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বারোপ করেন।

বেসরকারি গ্রন্থাগার নিবন্ধনের নির্দেশ

দেশের সরকারি গ্রন্থাগারের পাশাপাশি আরও বেশি বেসরকারি গ্রন্থাগারকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন সংস্কৃতি মন্ত্রী।

তিনি জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম।

এর আগে সংস্কৃতি মন্ত্রী জাতীয় গ্রন্থকেন্দ্রের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!