জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

আপডেট: আগ ২১, ২০২৬ : ০৫:৩৩ এএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিনন্দনবার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের সাধারণ মানুষের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দলিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কয়েক দশক ধরে তিনি যে ত্যাগ, সাহস ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গৌরবময় স্বীকৃতি।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দক্ষ ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে।

অভিনন্দনবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!