সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল নি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি এ সম্মেলনের আয়োজন করে।
ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপার-স্পেশালাইজেশনের যুগে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা পূরণ করা কঠিন হবে।
স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এই বরাদ্দের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার করতে হবে।
ছয় চিকিৎসক পেলেন ফেলোশিপ
অনুষ্ঠানে ‘সেভ ইয়োর নিজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ দেওয়া হয়।
এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য খাতে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!