জাতীয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:২০ এএম
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় তিনটি প্রস্তাবের মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা) রুটটি বেছে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি জানান।

ভোলাকে যুক্ত করা হবে মূল সড়ক নেটওয়ার্কে

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ করতে হবে। এ ছাড়া তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

কমবে সময় ও ব্যয়

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতে সময় ও ব্যয়—দুটিই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নদীবেষ্টিত জেলা হওয়ায় ভোলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। সড়ক যোগাযোগ চালু হলে সেই নির্ভরতা অনেকটাই কমবে।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটের অন্যতম সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে এটি কার্যকর বিকল্প পথ হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!