জাতীয়

আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:২৩ এএম
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আকস্মিকভাবে রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার থানায় গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। থানা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে তিনি পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

পুলিশ সদস্যদের আবাসন ও ডিউটি নিয়ে খোঁজ

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন মন্ত্রী।

সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা

পরিদর্শনের সময় তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জিডি (সাধারণ ডায়েরি) ও অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন তিনি।

অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘থানাকে আস্থার জায়গা হতে হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের সুরক্ষা ও সেবা নিশ্চিত করা। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

নাগরিকেরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যমের সহায়তা ছাড়াই নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!