নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেতুর সংস্কারকাজে ১৩ কিলোমিটার যানজট

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:৪০ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেতুর সংস্কারকাজে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

খোঁজে জানা গেছে, সোমবার (২ মার্চ) মধ্যরাতে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে সোনারগাঁ অংশ ছাড়িয়ে যানজট মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ঢাকাগামী ট্রাকচালক আসাদ মিয়া জানান, সকাল ৮টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। স্বদেশ পরিবহনের যাত্রী নাসরিন আক্তার বলেন, স্বাভাবিক সময়ে ১০ মিনিটের পথ আজ আড়াই ঘণ্টা লেগেছে। প্রাইভেটকার চালক মোহাম্মদ রনি বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন কার্যত স্থবির হয়ে আছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ জানান, লাঙ্গলবন্দ সেতুর ঢালাই কাজ চলার কারণে এক লেনে যান চলাচল করানো হচ্ছে। কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।

ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!