বাংলাদেশ জামায়াতে ইসলামী–র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে চলমান হামলা ও সহিংসতার ঘটনায় বিশ্বের পরাশক্তিগুলো নীরব ভূমিকা পালন করছে।
সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম বিশ্বের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শক্তিধর দেশগুলোর নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক মতবিরোধের পরিবর্তে মানবাধিকার ও ন্যায়ের পক্ষে বিশ্বসম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
দেশের অভ্যন্তরীণ প্রসঙ্গে তিনি নির্বাচন–পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক সংযম ও শিষ্টাচারের আহ্বান জানান। তাঁর ভাষ্য, দেশের স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান ও অধ্যাপক জাফর সাদেক।
বক্তারা রমজানের শিক্ষা হিসেবে জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা ও সহনশীলতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!