চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে পারিবারিক বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫) এ ঘটনার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এ তথ্য আজ সন্ধ্যায় জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
পুলিশ জানায়, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে তাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে চলে আসলে শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জান্নাতুল নাইমাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শিশুটি ভোরে মৃত্যু বরণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানিয়েছেন, ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। আজ দুপুর ১২টায় কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির দেখানো অনুযায়ী ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!